কোচিংয়ের টাকা না পেয়ে শিক্ষার্থীকে ‘নির্যাতন’
নীলফামারীর সৈয়দপুরে একটি বিদ্যালয়ে কোচিংয়ের টাকা দিতে না পারায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষককের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ‘সাতপাই উচ্চ বিদ্যালয়ের’ শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে।
অভিযোগকারী আশরাফুল ইসলাম (১৪) ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং পশ্চিম বেলপুকুর ডাক্তারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বিদ্যালয়ে কোচিং বৈধ না হলেও দেশের বিভিন্ন স্থানে তা করানো হয় বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি একরামুল হক সরকার জানান, বুধবার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খলিলুর ওই স্কুলের কৃষি শিক্ষার সহকারী শিক্ষক।
একরামুল হক জানান, তিন দিনের মধ্যে খলিলুর রহমানকে অভিযোগ ব্যাখ্যা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষককে চিঠি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অভিযোগে বরাত দিয়ে তিনি জানান, “এবারের জেএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বিদ্যালয়ের কোচিং করছিল আশরাফুল। তার জন্য মাসিক তিনশ টাকার দেওয়ার কথা খাকলেও আশরাফুল দুইশ টাকা পরিশোধ করে।”
বুধবার ক্লাসে শিক্ষক খলিলুর রহমান আশরাফুলের কাছে বাকি একশ টাকা দাবি করেন বলে জানান একরামুল।
তিনি আরও জনান, আশরাফুল টাকা নেই জানিয়ে তা পরে শোধ করার কথা বললে শিক্ষক খলিলুর ক্ষিপ্ত হয়ে আশরাফুলের গলা চেপে ধরেন।
এতে আশরাফুল অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি।।
নাম প্রকাশে অনিচ্ছুক আশরাফুলের কয়েকজন সহপাঠী জানায়, আশরাফুল কোচিংয়ের বাকি ফি সময়মতো দিতে না পারায় ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে আশরাফুলকে মারতে থাকেন ও এক পর্যায়ে গলা চেপে ধরেন।
আশরাফুলের বড় ভাই নুর আলম বলেন, “আমি শিক্ষকদের কাছে ঘটনা জানতে গেলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ অনেকে গলা ধাক্কা দিয়ে আমাকে রুম থেকে বের করে দেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, “শিক্ষক খলিলুর ওইদিন একটু বেশি শাসন করে ফেলেছেন। এটি তেমন কিছুই না।”
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী বলেন, “শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”
সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠি পেয়ে প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে।
চিঠির উত্তর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
