২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলে ২৭০টি বগি যুক্ত করা হবে: সচিব

ঢাকা-চট্টগ্রাম রেলরুটে ট্রেনের টিকেট সংকট কাটানোর জন্য আরও ২৭০টি বগি যুক্ত করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শুক্রবার সকালে আখাউড়া-লাকসাম রেলপথ পরিদর্শনে এসে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের তিনি একথা জানান।

ফিরোজ সালাউদ্দিন বলেন, আগামী জানুয়ারি মাসে রেলওয়েতে নতুন ২৭০টি বগি যুক্ত হবে। নতুন বগিগুলো সংযোজন হলে রেলওয়ের টিকিট সংকট কেটে যাবে।

“আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বাঞ্চল রেলপথের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কোনো ট্রেন লাইনচ্যুতির ঘটনা না ঘটে।”

সিঙ্গেল লাইনের কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় সিডিউল বিপর্যয় ঘটে বলে মন্তব্য করেন তিনি।  

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার অংশে এখনও ডাবল লাইন চালু হয়নি। তাই সিঙ্গেল লাইনে ট্রেন লাইনচ্যুত হলে প্রায়ই দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে সিডিউল বিপর্যয় ঘটে।

এ সময় ফিরোজ সালাউদ্দিনের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজী রফিকুল ইসলাম, ব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মকবুল হক, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব প্রমুখ।