২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম টিকেট: দক্ষিণে স্বস্তি, ভোগান্তি উত্তরে

কোরবানির ঈদ সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রি শুরুর প্রথম দিন বরিশাল, খুলনা, যশোরের যাত্রীরা মোটামুটি নির্বিঘ্নে টিকেট পাওয়ার কথা বললেও ভোগান্তির অভিযোগ করেছেন উত্তরের পথের যাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 07:53 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

পুরনো খবর:

বাসের আগাম টিকেটের জন্য দীর্ঘ লাইন

শুক্রবার সকালে ঢাকার গাবতলী বাস টার্মিনাল এবং কল্যাণপুর, শ্যামলী ও মিরপুর মাজার রোডের বাস কাউন্টারগুলো থেকে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়। বরাবরের মতই ভোর থেকে বিভিন্ন কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকতে হয় হাজার হাজার টিকেটপ্রত্যাশীকে।

দুপুরের দিকে অনেক টিকেট প্রত্যাশীকে দুই দফা বৃষ্টিতেও ভিজতে হয়েছে, যাদের অধিকাংশই কাউন্টারে এসেছিলেন সকালের দিকে।

গাবতলী ও শ্যামলী-কল্যাণপুরের এসব কাউন্টার থেকে মূলত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যের বাস ছেড়ে যায়। চাঁদ দেখা সাপেক্ষে ২৫ সেপ্টেম্বর ঈদ হওয়ার সম্ভাবনা থাকায় তার আগের দুই দিনের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি বলে কল্যাণপুরে টিআর ট্র্যাভেলসের কাউন্টার ম্যানেজার শাহেদুর রহমান জানান।

যশোর, খুলনা ও বরিশাল রুটের কাউন্টারগুলোর সামনে সকালে খুব একটা ভিড় দেখা না গেলেও উত্তরবঙ্গের বিভিন্ন পরিবহনের কাউন্টারে ছিল উপচে পড়া ভিড়। পাশাপাশি টিকেট বিক্রিতে ধীর গতি, বিচ্ছিন্নভাবে বাড়তি ভাড়া আদায় ও অব্যবস্থাপনার অভিযোগও পাওয়া গেছে এসব কাউন্টারে।

গাবতলী বাস টার্মিনালে ঢাকা-পিরোজপুর রুটের হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. দুলাল বলেন, “আমরা ভোর ৬টা থেকে টিকিট বিক্রি করছি। আজকে ২৩ তারিখের টিকিট বিক্রি হচ্ছে অনেক বেশি। আজকের মধ্যেই ওই দিনের সব টিকেট শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে।”

তিনি দাবি করেন, বিআরটিএ’র তালিকা অনুযায়ী বিভিন্ন গন্তব্যের টিকেটের ভাড়া রাখা হচ্ছে। বাড়তি ভাড়া আদায়ের কোনো ঘটনা ঘটছে না।

একই কথা বলেছেন ঢাকা-ঝিনাইদহ-যশোর রুটের সোহাগ পরিবহনের কাউন্টার ম্যানেজার সিরাজুল ইসলাম ও ঢাকা-খুলনা-বরিশাল রুটের ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার বশির আহমেদ।

ঝামেলা ছাড়াই পিরোজপুরের মঠবাড়িয়ার টিকেট পেয়ে যাওয়ায় খানিকটা বিস্ময় প্রকাশ করলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে নুরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো সমস্যা হয়নি। কাউন্টারের সামনে খূব বেশি সময় লাইনে দাঁড়াতেও হয়নি। টেনশনে ছিলাম, টিকিট পেয়ে স্বস্তি পাচ্ছি।”

একই প্রতিক্রিয়া জানিয়েছেন যশোরের যাত্রী আলমগীর কবির এবং খুলনার রফিকউন নবী।           

অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের বাস কাউন্টারে দীর্ঘ অপেক্ষার ক্লান্তি নিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে যাত্রীদের।

আমিনবাজার থেকে ভোর ৫টায় টিকিটের জন্য গাবতলী এসে তৌহিদুল ইসলাম প্রথমে ঘণ্টাখানেক হানিফ ও নাবিল পরিবহনের কাউন্টারে দাঁড়িয়েছিলেন। কিন্তু সামনের দীর্ঘ লাইন দেখে টিকিট না পাওয়ার আশঙ্কায় চলে যান মাজার রোডের পাশে ডিপজল কাউন্টারে। সেখানেও দুপুর পর্যন্ত তার ভাগ্য খোলেনি।

তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোদ-বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে, কিন্তু লাইন যেন সামনে আগাচ্ছে না। ২৩ তারিখের টিকেট পাব কি না চিন্তায় আছি।”

টিআর ট্র্যাভেলসের কল্যাণপুর কাউন্টারের ব্যবস্থাপক শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে তার কোম্পানি প্রতিদিন দশটি গাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠাতে পারবে। কিন্তু সব দিক বিবেচনা করে তারা এখন প্রতিদিন ছয়টি গাড়ির আগাম টিকিট বিক্রি করছেন।

উত্তরবঙ্গে যাতায়াত করে এমন আরও কয়েকটি বাসের কাউন্টারে ঘুরে একই রকম তথ্য পাওয়া গেল।

শাহেদুর রহমান বলেন, “আগাম টিকেট বিক্রির সময় কিছু গাড়ি ধরে রাখতে হয়। ঈদের আগে চেনাপরিচিত নিয়মিত যাত্রী ও ভিআইপিরা টিকিট চান। তাদের দিতে না পারলে অনেক সমস্যা।”

কাউন্টারে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করলেও যাত্রীদের যে অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে, তা স্বীকার করেন টিআর ট্র্যাভেলসের এই কর্মকর্তা।

সকালে যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের পথে আগাম টিকিটের জন্য একে ট্র্যাভেলসের একটি কাউন্টারে লাইনে থাকতে দেখা যায় কয়েকশ টিকেটপ্রত্যাশীকে। টিকেট দিতে ‘অকারণেই’ দেরি হচ্ছে বলে অভিযোগ করেন লাইনে দাঁড়ানো অনেকে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “সকাল ৬টা থেকে টিকিটের জন্য লাইন ধরেছি। কী কারণে এতো ধীর গতিতে টিকিট দেওয়া হচ্ছে তা বুঝলাম না।”

সাভার থেকে টিকেট কাটতে কল্যাণপুরে এসেছিলেন পোশাক কারখানার কর্মী আলমগীর ও রাকিব।

আলমগীর জানান, সকাল ৬টায় লাইনে দাঁড়িয়ে তিনি টিকেট পেয়েছেন বেলা ১২টায়। অন্য সময় ঢাকা থেকে রংপুরের টিকেট ৫০০ টাকা হলেও এখন টিকেটের দাম ৬০০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এসআর পরিবহনের এজিএম আরিফ হোসেন জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০/১০০ টাকা বেশি নিয়েই তারা অগ্রিম টিকিট ছাড়ছেন। ‘বিভিন্ন কারণে’ তাদের কিছু টাকা বেশি রাখতে হচ্ছে।

তিনি বলেন, “সাধারণ সময়ে তো ঢাকা থেকে বাসগুলো যাত্রী নিয়ে যায়, আবার যাত্রী নিয়ে ঢাকা ফেরে। ঈদের মৌসুমে ঢাকায় আসার যাত্রী থাকে না। তাই অনেকেই নির্ধারিত ভাড়ার চেয়ে কিছু টাকা বেশি নেয়।”

বিভিন্ন বাস কোম্পানি অনলাইনে টিকেট কেনার সুযোগ রাখার ঘোষণা দিলেও ঈদের আগাম টিকেট অনলাইনে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন বেশ কয়েকজন।

নওগাঁর আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনলাইনে টিকেট কাটার চেষ্টা করেও পাইনি। তাই ভোর ৫টায় কল্যাণপুরে বাস কাউন্টারে এসে লাইনে দাঁড়িয়েছি।”

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. এনায়েতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালী ও সায়েদাবাদ থেকে যে বাসগুলো ছাড়বে, সেগুলোর অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে শনিবার থেকে।

বিআরটিসির আগাম টিকেট আগামী ১৬ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।