কাঁচাবাজারে অভিযান, পাঁচ ব্যবসায়ীর জরিমানা
রাজধানীর দুটি কাঁচাবাজারে অভিযান চালিয়ে পাঁচ মাছ-মুরগি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজ আহমেদের নেতৃত্বে উত্তরার আজমপুর কাঁচাবাজার ও মহাখালী কাঁচাবাজারে র্যা বের এই অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওজনে কম দেওয়ায় এবং ক্রেতাদের ‘মিথ্যা তথ্য দিয়ে ঠকানোর’ দায়ে আজমপুর কাঁচাবাজারে তিন ব্যবসায়ী ও মহাখালী কাঁচাবাজারে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এর মধ্যে আজমপুর কাঁচাবাজারে ওজনে কম দিয়ে মাছ বিক্রি করায় গোপাল নামে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর মোফাজ্জল হোসেন এবং স্বপন নামের দুই মুরগি ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
আর মহাখালী কাঁচাবাজারে আয়নাল নামে এক মাছ ব্যবসায়ী এবং শফিকুল নামে এক মুরগি ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
ফয়েজ আহমেদ বলেন, অনেক মাছ ব্যবসায়ী ওজনে কম দেওয়া ছাড়াও পচা মাছ বিক্রি করেন। আর মুরগি ব্যবসায়ীদের কেউ কেউ দেশি মুরগির নামে ‘পাকিস্তানি’ মুরগি বেশি দামে বিক্রি করে ক্রেতাদের ঠকিয়ে আসছেন।
“এসব বন্ধ করার জন্যই এ অভিযান চালানো হয়েছে। সচেতনতা বৃদ্ধির লক্ষে মুরগির খাঁচায় মুরগির নাম এবং ঝুলিয়ে রাখা মাংসের পাশে সেগুলো কিসের মাংস তা লিখে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।”
সংশ্লিষ্ট বাজার সমিতির সদস্যদেরও এ বিষয়ে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে বলে ম্যাজিস্ট্রেট জানান।
