সাভার ও ধামরাইয়ে দুর্ঘটনায় ২ চালক নিহত
ঢাকার ধামরাইয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দূরপাল্লার বাসের এক চালক এবং সাভারে ট্রাকচাপায় এক পিকআপ চালক নিহত হয়েছেন।
এরা হলেন- বাস চালক মো. গোফরান (৩৮) এবং পিকআপ চালক লাল চাঁন মিয়া (৩২)। তাৎক্ষণিকভাবে তাদের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।
শুক্রবার ভোরে ধামরাইয়ের জয়পুড়া এলাকা এবং সাভারের জয়নাবাড়ি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান, ভোরের দিকে উপজেলার জয়পুড়া এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী সাউদিয়া পরিবহনের চালক একটি ট্রাককে পাশ কাটানোর চেষ্টা করেন।
এ সময় বাসচালক গোফরান নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক গোফরান মারা যান এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
পুলিশ কর্মকর্তা মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা ‘গুরুতর’।
অন্যদিকে প্রায় একই সময়ে সাভারের জয়নাবাড়ি এলাকায় ট্রাক চাপায় পিকআপ চালক লাল চাঁনের মৃত্যু হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই আব্দুস সালাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকআপ থামিয়ে চালক লাল চাঁন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
