২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, প্রতিষ্ঠানে হামলা

চাঁদপুর সদরে এক শিক্ষকের বিরুদ্ধে নিজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

এই ঘটনায় এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে অঞ্জন কুমার দে নামের ওই শিক্ষকের পরিচালনাধীন একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে।

এদিকে, অভিযোগ ওঠার পর থেকে উপজেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার ইংরেজি বিষয়ের খণ্ডকালীন এই শিক্ষক পলাতক রয়েছেন।

তবে, অঞ্জন কুমার দে তার বিরুদ্ধে এ অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।  

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন জানান, বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে অঞ্জন কুমার দে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন।

“মঙ্গলবার বিদ্যালয়ে এসে মেয়েটি অঞ্জনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে। তবে, বৃহস্পতিবার দুপুরে সে লিখিত অভিযোগ দেয়।

“এদিকে, বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থার শিকার অঞ্জন বুধবার স্কুল কর্তৃপক্ষকে চাকরিতে ইস্তফা দিয়েছেন।”

অধ্যক্ষ মোশারফ জানান, বিষয়টি লোকমুখে জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাবুরহাট এলাকায় অবস্থিত অঞ্জনের পরিচালিত বাবুরহাট মডেল একাডেমীতে হামলা ও ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।

অভিযোগের বরাত দিয়ে অধ্যক্ষ জানান, অঞ্জন কুমার বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে বাসায় গিয়ে পড়াতেন। বিভিন্ন সময় তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন।

বিষয়টি কাউকে না জানাতেও তিনি শাসাতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়, বলেন অধ্যক্ষ।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ওই শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক অঞ্জন কুমার দে-এর বাবা নান্টু কুমার দে বলেন, “আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে ইংরেজি বিষয়ে অনেক শিক্ষার্থী পড়াত এবং শিক্ষার্থীরা ভালো ফলাফল করত।

“তার কাছে বেশি শিক্ষার্থী পড়ার কারণে কেউ ঈর্ষান্বিত হয়ে এমন ষড়যন্ত্র করেছে।”

অঞ্জন কুমার দে বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আর কিছু বলতে চাই না”

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্য দুলাল মাল বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শিক্ষক অঞ্জনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি স্বেচ্ছায় বিদ্যালয়ে অব্যাহতপত্র জমা দেন।

পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। পরে আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে বলে মন্তব্য করেন তিনি।