গাইবান্ধায় দুইজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়েছে, যারা গরু কেনা-বেচার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাওয়াখানা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের কাটাখালি ব্রিজের পূর্ব পাশের একটি কলার ক্ষেতে লাশ দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, নিহত দুজনেরই হাত-পা বাঁধা ছিল, তাদের গলায় লুঙ্গি প্যাঁচানো পাওয়া গেছে। দেহের বিভিন্ন স্থানে পাওয়া গেছে জখমের চিহ্ন।
নিহতদের মধ্যে একজন কুমিল্লার দাউদকান্দি উপজেলার কলাতুলি গ্রামের পরাম আলী ভুঁইয়ার ছেলে শাহ জালাল ভুঁইয়া (৪৫)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
ওসি বিডিনিউজ টোয়েডিন্টফোর ডটকমকে বলেন, নিহতদের প্যান্টের পকেটে গরু ক্রয়-বিক্রয়ের কয়েকটি চালান পাওয়া গেছে। লালমনিরহাট জেলার বড়বাড়ি হাটের এসব চালান রশিদ থেকেই জালালের পরিচয় জানা গেছে।
“আমাদের প্রাথমিক ধারণা, হাট থেকে গরু কিনে ফেরার পথে তারা দুর্বৃত্তের কবলে পড়েন। পরে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে গরু ও টাকা ছিনিয়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ এখানে ফেলে যায়।”
ময়নাতদন্তের জন্য তাদের লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
