২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ‘ডাকাতির সময়’ গ্রেপ্তার ৫

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে একটি ফেরিতে ডাকাতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 06:57 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

শিবালয় থানার ওসি রকিবুজ্জামান জানান, মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের জামাল উদ্দিন (৪২), মোনাক্কা প্রামাণিক (৪০), রউফ সরদার (৪০), আমজাদ হোসেন (৩৫) ও আলাউদ্দিন শেখ (৪২)।

ওসি জানান, গোপন সংবাদ পেয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের রো-রো ফেরিতে অবস্থান নেয় পুলিশ। রাত ৩টার দিকে ফেরিতে ‘ডাকাতির সময়’ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে রাম দা, চাপাতি, ছোরা ও লোহার রডসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনার মামলা ছাড়াও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ও মানিকগঞ্জের শিবালয় থানায় ডাকাতি মামলা রয়েছে বলে জানান ওসি।