রাষ্ট্রপতির সঙ্গে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।
বুধবার বিকালে নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নতুন দূতকে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।”
স্পেনে বাংলাদেশের নতুন পণ্য রপ্তানি করার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান রাষ্ট্রপতি।
সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এসময় রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও উপদেশ কামনা করেন।
পরে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকীও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্ক সরকারের দেওয়া বৃত্তি বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আবদুল হামিদ প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ নিশ্চিতে কাজ করতে নতুন দূতের প্রতি আহ্বান জানান।
