লালমনিরহাটে উত্ত্যক্তের দায়ে ৩ কলেজছাত্রের দণ্ড
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উত্ত্যক্তের দায়ে তিন কলেজছাত্রকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাদের এ দণ্ড দেন বলে জানান হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন প্রধান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের প্রভাষ চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র রায় (২২), পূর্ব নওদাবাস গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায় (১৮) ও বনচৌকি গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাইদুল ইসলাম (২১)।
এরা তিন জনই হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানান ওসি।
এলাকাবাসী জানায়, উপজেলার নওদাবাস এলাকার তিন কলেজ ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় তিন বখাটে তাদেরকে রাস্তায় আটকিয়ে অশ্লীল কথাবার্তা ও টানা-হিঁচড়া করতে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন দেখে তাদের আটক করে।
ওসি বলেন, স্থানীয়রা খবর দিলে তিন ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত বসিয়ে তাদের ছয় মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
