২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুর থানায় শিশুকে দুই সপ্তাহ আটকে রাখার অভিযোগ

রাজধানীর সুত্রাপুর থানার ওসির বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক শিশুকে দুই সপ্তাহ থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 12:11 AM

Updated : 22 Aug 2022, 01:11 PM

ওসি খলিলুর রহমান পাটোয়ারি অভিযোগ অস্বীকার করলেও নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের কাছে স্বীকার করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজীব নামে ওই শিশুকে প্রায় দুই সপ্তাহ আগে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়। কিন্তু পরবর্তীতে তাকে আর আদালতে পাঠানো হয়নি।”

এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন।

রাজীবকে ছাড়াতে তার পরিবার থানায় যোগাযোগ করলে ওসি টাকা দাবি করেন বলেও অভিযোগ উঠেছে।  বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেলে সংবাদকর্মীরা থানায় ছুটে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল হোসেন তালুকদারও এ সময় থানায় যান।

তিনি বলেন, এক পর্যায়ে মহানগর পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাইনুল হাসান থানায় আসেন। রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত থানার ওসিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে উপ-কমিশনার মাইনুল সাংবাদিকদের বলেন, অভিযোগ শুনেই তিনি থানায় এসেছেন। তবে থানায় এসে শিশুটিকে পাননি।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে পরে তিনি মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটিকে থানায় কেন আনা হলো, কেনই বা এতোদিন রাখলেন ওসি, সে ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশের পক্ষ থেকে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে থানায় ওসির সঙ্গে কথা বলতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।

পরে মোবাইলে কল করা হলে ওসি খলিলুর রহমান পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনি কোথায় এ অভিযোগ পেলেন? কে বলেছে এসব কথা? যারা বলেছে তারা ঠিক বলেনি।”