গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাবে সিপিবি-বাসদ
গ্যাস ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি-বাসদ জোট।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর সারাদেশের থানা উপজেলায় বিক্ষোভ এবং ১৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশের রাজপথগুলোতে প্রতিবাদী অবস্থান করবেন জোট নেতা-কর্মীরা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে জোটের পক্ষ থেকে এসব কর্মসূচি ঘোষণা করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জোট নেতা খালেকুজ্জামান।
তিনি বলেন, “গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে সরকারের কোন যুক্তি নেই। এই দাম বৃদ্ধি গণবিরোধী ও বেআইনি।”
গত ২৭ অগাস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়; যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
বর্ধিত মূল্য প্রত্যাহার না করা হলে জনসাধারণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে বর্ধিত মূল্য প্রত্যাহারে সরকারকে বাধ্য করা হবে বলে শুরু থেকেই সরকারকে হুঁশিয়ারি দিয়ে আসছে এই সিপিবি-বাসদ।
বিইআরসির সংবাদ সম্মেলনের এক ঘণ্টার মধ্যে সরাকরের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পার্টিও।
বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুতের উৎপাদন খরচ কমেছে দাবি করে খালেকুজ্জামান বলেন, “গ্যাস খাত লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। তারপরও দাম বৃদ্ধি এই সরকারের অগণতান্ত্রিক ও গণবিরোধী আচরণের বহিঃপ্রকাশ।”
গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে দেশের সব প্রগতিশীল গণতান্ত্রিক দল, সংগঠন ও ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বক্তব্য দেন।
