গাজীপুরে বজ্রপাতে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বজ্রপাতের শব্দে এক স্কুলের ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বলদীঘাট জে এম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক জানিয়েছেন।
ঘটনার পর ১০ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন - দশম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা, রাবিয়া ও নাসরিন, নবম শ্রেণির ঈশা, অষ্টম শ্রেণির নুসরাত, সপ্তম শ্রেণির তুষি, তানিয়া ও তামান্না এবং ষষ্ঠ শ্রেণির রুপা ও ইফাদ।
প্রধান শিক্ষক সিরাজুল বলেন, দুপুরের দিকে বজ্রপাতের প্রচণ্ড শব্দে শিক্ষার্থীরা একের পর এক জ্ঞান হারাতে থাকে।
এরপর ২০ শিক্ষার্থীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিনা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। তবে তারা সবাই শঙ্কামুক্ত।
