২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের কারণে স্কুলে যাওয়া বন্ধ

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় এলাকায় এক বখাটের উত্ত্যক্তের কারণে সপ্তম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার দুপুরে সরেজমিনে উত্তর শুক্তাগড় গ্রামে গেলে মেয়েটির মা সাংবাদিকদের জানান, একই গ্রামের মোস্তফা হোসনের ছেলে মাদকসেবী বখাটে খায়রুল (২০) তার মেয়েকে অনেকদিন ধরে উত্ত্যক্ত করে আসছে।

“সোমবার সকালে স্কুলে যাওয়ার সময় মেয়েটিকে ঝাপটে ধরে বখাটে খায়রুল।”

তার মা আরও জানান, তারা গরিব মৎসজীবী পরিবার। এলাকায় বিচার চেয়ে কোনো সুরাহা হয়নি। এখন তাদের মেয়েকে নিয়ে ঘরে থাকতে হচ্ছে তাদের।

ওই ছাত্রীর স্কুল চর কেওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বারেক হোসেন  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিও বিষয়টি জানি।  ছাত্রীটি দুদিন ধরে স্কুলে আসছে না।

বিষয়টি পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে মেটানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

রাজাপুর থানার পরিদর্শক শেখ মুনীর উল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। খবর পেয়ে ওই বখাটে পালিয়ে গেছে।

এ ব্যপারে তদন্তপূর্বক আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।