চাঁদপুরে হঠাৎ বিলীন ৫০ মিটার বাঁধ
চাঁদপুর শহরের পুরান বাজার ও হরিসভা এলাকায় হঠাৎ মেঘনার ভাঙনে একটি বসত ঘরসহ শহর রক্ষা বাঁধের ৫০ মিটার বিলীন হয়ে গেছে।
সোমবার গভীর রাতে ভাঙন শুরু হয় বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী যাদব দে ও বিমল দে জানান, রাত ২টার দিকে হঠাৎ ভাঙন শুরু হয়। অল্প সময়ের মধ্যে পুরান বাজারের একটি বসত ঘরসহ অনেকখানি এলাকা নদীতে তলিয়ে যায়।
বসত ঘর হারানো দীপক বলেন, “রাত ২টায় হঠাৎ আমার নদীতীরের ঘরটি বিলীন হয়ে যায়। তখন ওই ঘরে কেউ ছিল না। আমরা পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম।”
ভাঙনের আতঙ্কে থাকা পুরান বাজারের লিটন মিয়া ও নারায়ণ বণিক বলেন, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা না নেওয়া হলে পুরো পুরান বাজার এলাকার সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও স্কুল নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
উজানের পানির হঠাৎ তীব্র চাপের কারণে ভাঙন শুরু হয়েছে বলে জানান চাঁদপুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. মাহবুবুল করিম।
ভাঙন প্রতিরোধে জরুরিভিত্তিতে সিসি ব্লক ও জিও টেক্সটাইল ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
