আরও এক ড্রামে মিলেছে কোকেন
সূর্যমুখী তেলের ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা সেই কন্টেইনারের আরেকটি ড্রামের নমুনার পুনঃপরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।
মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রসায়নবিদ দুলাল কৃষ্ণ সাহা এ তথ্য জানান।
এ নিয়ে সানফ্লাওয়ার অয়েল ঘোষণা দিয়ে বলিভিয়া থেকে আমদানি করা কন্টেইনারটির ১০৭টি ড্রামের মধ্যে দুটি ড্রামে কোকেন পাওয়া গেল।
ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগারে সোমবার ৫৯ নম্বর ড্রামের নমুনার পরীক্ষা করা হয় বলে জানান দুলাল কৃষ্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথমে আমরা শুধু ৯৬ নম্বর ড্রামে কোকেনের অস্তিত্ব পেয়েছিলাম। পাশাপাশি ৫৯ নম্বর ড্রামেও কোকেন থাকতে পারে বলে পর্যবেক্ষণ দিই।
“আমাদের পর্যবেক্ষণের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ওই ড্রামটির নমুনা পুনঃপরীক্ষার আবেদন করেন। সোমবারের পরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।”
এই ড্রামে কী পরিমাণ কোকেন আছে জানতে চাইলে দুলাল কৃষ্ণ বলেন, “পরিমাণ নির্ধারণ করতে হলে ড্রামের সব তেল সরিয়ে নিতে হবে এবং কোকেন দানাদার অবস্থায় নিয়ে আসতে হবে। এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা না থাকায় আমরা পরীক্ষা করিনি।”
গত রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু এ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ড্রামটির নমুনা পরীক্ষার আদেশ দেন।
এর আগে গত ২৭ জুন ৯৬ নম্বর ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ওই ড্রামের ১৮৫ কেজি তরলের মধ্যে এক তৃতীয়াংশ কোকেন থাকতে পারে বলে ধারণা শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের।
খান জাহান আলী লিমিটেডের নামে আনা একটি কন্টেইনার গত ৭ জুন চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে আটক করে সিলগালা করে দেওয়া হয়।
পরদিন ৮ জুন গোয়েন্দা পুলিশ, শুল্ক গোয়েন্দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী, কাস্টমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনারের ১০৭টি ড্রামের সূর্যমুখী তেলের নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষায় তরল কোকেনের অস্তিত্ব না পেলেও ঢাকার কয়েকটি পরীক্ষাগারে পরীক্ষা শেষে ২৭ জুন একটি ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়ার ঘোষণা দেয় শুল্ক গোয়েন্দারা।
আদালতের অনুমতিতে ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ফুড অ্যান্ড ড্রাগ ল্যাবরেটরি, ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগার এবং সিআইডির ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা হয়।
এদিকে কোকেন জব্দের এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও পুলিশ।
এরা হলেন- আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল, আইটি বিশেষজ্ঞ মেহেদী আলম, গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান, আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল এবং শিপিং এজেন্ট প্রতিষ্ঠান কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ ও সাইফুল ইসলাম।
এদের মধ্যে মোস্তফা কামাল, সোহেল ও মেহেদী এ মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গোয়েন্দাদের দাবি বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য ও বলিভিয়ার মাদক পাচারকারীরা এই কোকেন আনায় জড়িত; বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এই কোকেন ভারতে পাচারই তাদের উদ্দেশ্য ছিল।
