২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চাঁদাবজি: এবার যুবলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরে জমি দখল ও চাঁদাবাজির মামলায় দুই সহোদর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার পর এবার আরেক ভাই মহানগর যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 02:13 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

সোমবার রাতে গ্রেপ্তার মো. আলমগীর হোসেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক।

জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান, মঙ্গলবার সকালে আলমগীরকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করা হয়েছে।  

এর আগে একই মামলায় গ্রেপ্তার তার দুই সহোদর গাজীপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানা (৪৫) ও কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা লিয়াকত হোসেন (৩৫) কারাগারে রয়েছেন।

এছাড়া একই মামলার অপর আসামি তাদের আরেক ভাই গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ পলাতক রয়েছেন।

ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব শনিবার রাতে জয়দেবপুর থানায় এ চার সহোদরের বিরুদ্ধে ভূমি দখল ও চাঁদাবাজির এ মামলাটি দায়ের করেন।

মামলার বরাত দিয়ে ওসি রেজাউল জানান, গাজীপুর শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পাশে ৪ শতাংশ ডোবা জমি ভূমি সংস্কার বোর্ড থেকে লিজ নেয় ‘রংপুর বিভাগ সাংবাদিক সমিতি’।

“শনিবার বিকালে বাদী ওই জমিতে গিয়ে দেখতে পান গাজীপুর মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নামে সাইনবোর্ড লাগিয়ে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

“বাদী শ্রমিকদের নিষেধ করলে শ্রমিকরা জানায় আসামিদের নির্দেশে তারা কাজ করছে।”

ওসি বলেন, এদিকে খবর পেয়ে আসামিরাসহ অজ্ঞাত আরও ৪-৫ জন ঘটনাস্থলে গিয়ে বাদীকে চলে যেতে বলেন এবং জমি বুঝে নিতে হলে তাদের পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

“এক পর্যায়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয় মামলায়।”

ওসি বলেন, শনিবার রাতেই বাদী জয়দেবপুর থানায় উল্লেখিতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

“রোববার ভোরে পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আইয়ুব রানা ও লিয়াকত হোসেনকে।

“সোমবার রাতে পূবাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আলমগীরকে।”  

ওসি রেজাউল আরও জানান, দুই মাস আগে লিয়াকত হোসেন ও তার কয়েকজন সহযোগী গাজীপুর শহরের রথখোলা এলাকায় একইভাবে ইকবাল হোসেন নামের এক ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

“চাঁদা না দেওয়ায় তার জমি দখল করে লিয়াকত হোসেনের নামে সাইনবোর্ড টানিয়ে দেন। পরে ইকবাল হোসেনের স্ত্রী কামরুন্নাহার জয়দেবপুর থানায় ওই চার ভাইয়ের নামোল্লেখ করে মামলা করেন।”

ওসি জানান, কয়েকমাস আগে কালিয়াকৈর থানায় চাঁদাবাজি ও দখলের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ছাত্রলীগ নেতা এরশাদ।

ওই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানান ওসি।