২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ‘সংঘর্ষে মাদকবিক্রেতা’ গুলিবিদ্ধ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন, যার বিরুদ্ধে মাদকের দেড়ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 01:00 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, সোমবার গভীর রাতে ইছাকুড় ইটভাটার কাছে এ ঘটনার পর গুলিবিদ্ধ মনসুর আলীকে (৪৫) আটক করা হয়েছে।  

পায়ে গুলিবিদ্ধ মনসুর আলীকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

সদর হাসপাতালের দায়িত্বরত ব্রাদার দেবব্রত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ব্যক্তির ডান পায়ে গুলি লেগেছে। তার অবস্থা ‘গুরুতর’। তাই তাকে খুলনা অথবা ঢাকায় স্থানান্তর করা হবে।”

ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, গভীর রাতে একদল মাদক ব্যবসায়ী ইয়াবা পাচার করছে এমন খবর পেয়ে পুলিশ ইছাকুড় ইটভাটার কাছে অভিযানে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতা ও তাদের সহযোগীরা পুলিশের দিকে ইট ছুড়তে থাকে। আত্মরক্ষার জন্য পুলিশ পাঁচ রাউন্ড গুলি করে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে ধরা পড়েন, তবে  অন্যরা পালিয়ে গেছে।”

মাদকবিক্রেতাদের হামলায় অভিযানে নেতৃত্বদানকারী এসআই আবদুল কাদেরসহ কনস্টেবল হাসানুজ্জামানও আহত হন। তারা শ্যামনগর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।

ওসি এনামুল আরও জানান, মনসুরের কাছ থেকে ২৮টি ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

“মনসুরের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদক সংক্রান্ত ১৮টি মামলা রয়েছে।”

মনসুরের বাড়ি শ্যামনগরের চন্ডিপুর বাদোঘাটা গ্রামে বলে জানান তিনি।