কেরানীগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ ধলেশ্বরীতে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক ব্যবসায়ীর লাশ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার হয়েছে, যিনি কয়েকজনের কাছে পাওনা টাকা নিতে যাওয়ার পর নিখোঁজ হয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে কুণ্ডা ইউনিয়নের জাজিরা সাধুরবাজার গুদারাঘাটের কাছে নদীতে আব্দুল আজিজ (৩৮) নামে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, লাশের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
“তবে ব্যবসা সংক্রান্ত শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
নিহত আজিজের বাড়ি উপজেলার মীরেরবাগ এলাকায়। কেরানীগঞ্জের কদমতলীর কণ্ডাকপাড়ায় আদনান শেঠ মার্কেটে ‘কাদের স্টিল’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে আজিজের ছোট ভাই মনসুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অনেকের কাছে তার ভাইয়ের টাকা পাওনা ছিল।
“গত শনিবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য নয়াবাজার গিয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে আমরা রোববার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারন ডায়েরি করি। সোমবার সন্ধ্যায় আমার ভাইয়ের লাশ ধলেশ্বরী নদীতে পাওয়া যায়।”
ব্যবসায়িক শত্রুতার জের ধরে আজিজকে অন্য কোথাও হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে মনসুরের ধারণা।
ময়নাতদন্তের জন্য আজিজের লাশ রাতেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
