বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী মাঙ্গালা সামারাবীরার সঙ্গে দেখা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসান।
সোমবার কলম্বো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে তিনি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।
গত ১৭ অগাস্ট জাতীয় নির্বাচনের পর নতুন সরকারে পুনরায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সামারাবীরাকে অভিনন্দন জানান হাই কমিশনার।
সাক্ষাৎকালে তারিক আহসান নতুন সরকারের অধীনে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সুসংহত করতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
একই সঙ্গে হাই কমিশনার ফরেন সার্ভিস কনসালটেশনসহ ট্রেড ও শিপিংয়ের উপর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সেশন অনুষ্ঠান, শ্রীলঙ্কা থেকে উচ্চ পর্যায়ের সফর, বিভিন্ন প্রক্রিয়াধীন খসড়া চুক্তি স্বাক্ষর, গভীর সমুদ্রে মাছ ধরা বিষয়ে শ্রীলঙ্কার সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
