২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি ‘পরিকল্পনা’: এরশাদ শিকদারের ‘ভাগ্নে’ গ্রেপ্তার

গুলশানের একটি মানি এক্সচেঞ্জে ডাকাতির চেষ্টার অভিযোগে খুলনার কুখ্যাত অপরাধী এরশাদ শিকদারের কথিত ভাগ্নে মশিউর রহমান মন্টুকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 03:48 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকালে গুলশানের নিকেতন এলাকা থেকে মশিউরকে গ্রেপ্তার করেন তারা।

রাজধানীর বিভিন্ন স্থানে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনার সঙ্গেও মশিউরের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান। 

তিনি বলেন, “খুলনার আলোচিত এরশাদ শিকদারের ভাগ্নে মশিউর রহমান অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির। গত মে মাসে এক গার্মেন্ট ব্যবসায়ীর সন্তানকে অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ আদায়ের ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল সে।”

এই শিশুকে অপহরণ করে মুক্তিপণের টাকা আদায়ের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মশিউর প্রধান আসামি বলে জানান র‌্যাব কর্মকর্তা।

গ্রেপ্তারের সময় মশিউরের কছে একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে বলে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ জানান।

মশিউরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সে এমন ভদ্র যে তাকে একজন অপরাধী হিসাবে বোঝার উপায় নেই।

“মূলত তার মামা এরশাদ শিকদারের সঙ্গে থেকে সে অপরাধ জগতে পা রাখে। তার সাথে থেকেই সে অনেক কিছু শিখেছে।”

খুলনার এরশাদ শিকদার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। তার অনুগত না হলে বরফ কলে নিয়ে হত্যা করা ছাড়াও গাড়িসহ নদীতে ফেলে একাধিক হত্যার রোমহর্ষক ঘটনা দুই যুগ আগে বাংলাদেশে আলোড়ন তুলেছিল।

মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০০৪ সালে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাকে। তার বিরুদ্ধে অর্ধশত হত্যার অভিযোগ ছিল।