২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

সিলেটে আধিপত্য বিস্তারের চেষ্টায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 08:45 AM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার রাত ১১টার দিকে নগরীর বালুচর এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও নগর ছাত্রলীগের নেতা সায়েফ আহমদের অনুসারী নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহপরান থানার ওসি জামাল উদ্দিন জানান, বালুচর এলাকার আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই নিপু ও সায়েফের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় দুই পক্ষের কর্মীদের মধ্যে গোলাগুলি ও বোমাবাজি হয় বলে স্থানীয়রা জানালেও পুলিশ বলেছে তারা গোলাগুলির খবর পাননি।

ওসি বলেন, “খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী মুহিন, আরাফাত ও মঈনুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।