মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের বাজিতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।
রোববার সন্ধ্যায় উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এ সংঘর্ষ বাঁধে বলে জানান বাজিতপুর থানার ওসি শেখ মুস্তাফিজুর রহমান।
নিহত লায়েছ মিয়া (৬০) উপজেলার সরারচর ইউনিয়নের বেকিচন্দ্র গ্রামের বাসিন্দা।
গুলিবিদ্ধ দীন ইসলাম (২৪), মোহাম্মদ করিম (২২) ও গিয়াস উদ্দিনকে (৫৫) কিশোরগঞ্জ জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দক্ষিণ সরারচর গ্রামে।
স্থানীয়দের রবাত দিয়ে ওসি শেখ মুস্তাফিজুর রহমান জানান, দক্ষিণ সরারচর গ্রামের বাতেন মিয়ার লোকজন পুরানগাঁও গ্রামে জুয়েল মিয়ার পুকুরে মাছ ধরতে যায়। এ নিয়ে কথা কাটাকাটি এবং পরে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ ও গোলাগুলি হয় তাদের মধ্যে।এতে গুলিবিদ্ধ হন লায়েছ মিয়াসহ চারজন।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে তাদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে লায়েছ মিয়ার মৃত্যু হয় বলে জানান তিনি।
ওসি মুস্তাফিজুর আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলাও হয়নি।
