ইন্টারনেট সপ্তাহের অনুষ্ঠানে তিন ক্রিকেটার
ইন্টারনেট সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের জগত, গতির মন্ত্র আর এগিয়ে যাওয়ার গল্প শোনালেন তিন ক্রিকেট তারকা। সেই সঙ্গে বললেন নিজেদের উন্নতিতে ইন্টারনেটের অবদান।
বনানী সোসাইটি মাঠে রোববারের ওই অনুষ্ঠানে তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও এনামুল হকের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।
রাত ৮টার একটু পরে উপস্থিত হন এনামুল ও তাসকিন; সাড়ে ৮টার দিকে আসেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম।
ইন্টারনেট সপ্তাহের আহ্বায়ক রাসেল টি আহমেদের সঞ্চলনায় ইন্টারনেট ব্যবহারে নিজেদের অভিজ্ঞতা শোনান অতিথিরা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, “ক্রিকেট এখন জাতীয় ঐক্যের প্রতীক। আমাদের আবেগ, অনুভূতি ক্রিকেট আর ক্রিকেটারে মিলেমিশে একাকার। ওরা যেভাবে পতাকা তুলে ধরছে আমরা তাতে অনুপ্রাণিত হই।”
“ইন্টারনেট দিয়ে আমরা জয় করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ অন্যান্য খাকে ইন্টারনেট ব্যবহার বাড়াতে চাই। ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের জন্য আমরা এই আয়োজন করেছি। আমরা সবখানে ইন্টারনেট পৌঁছে দেওয়ার সঙ্গে সবরকম অপব্যবহার রোধ করার জন্য কাজ করছি।”
উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল মুগ্ধ ইন্টারনেট সপ্তাহের এই আয়োজনে। তার কথারই প্রতিধ্বনি পেসার তাসকিনের কণ্ঠে। ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের উপর গুরুত্ব দেন এই গতি তারকা।
“ইন্টারনেট আমাকে প্রতিনিয়ত সহায়তা করে। ইউটিউবে কিংবদন্তিদের বোলিং দেখি। ফেভারিট খেলোয়াড়দের ফলো করতে পারি। আমার খেলায় উন্নতিতে ইন্টারনেটের অবদান রয়েছে।"
টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল বিশ্বাস করেন, ইন্টারনেট ব্যবহার করে অনেক কিছুই শেখা সম্ভব, "সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন. জানতে পারবেন।"
