ডিএমপির জনবল বাড়ছে সাত হাজার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোকবল বাড়ছে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মহানগরে সাত হাজার পুলিশ সদস্য নিয়োগের বিষয়ে সায় দিয়েছে।
এতে বলা হয়, সাত হাজার ১৩৯টি পদের মধ্যে ৮৯টি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং বাকি সাত হাজার ৫০টি পদ অস্থায়ীভাবে মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
নতুন সৃষ্ট পদের মধ্যে একটি অতিরিক্ত পুলিশ কমিশনার, দুটি যুগ্ম-কমিশনার, ১১টি উপ-কমিশনার, ৪০টি অতিরিক্ত উপ-কমিশনার, ৩৫টি সহকারী কমিশনার পদ রয়েছে।
এছাড়া ১৬০টি পরিদর্শক, ১ হাজার ৫০টি উপ-পরিদর্শক (এসআই), ১২০টি সার্জেন্ট, ১ হাজার ১শ’টি নিরস্ত্র এএসআই, ১শ’টি সশস্ত্র পদ রয়েছে।
১৫টি এটিএসআই ছাড়াও নায়েকের ১শ’টি ও ৪ হাজার ৩২৮টি কনস্টবলে পদ সৃষ্টি করা হয়েছে ডিএমপিতে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নুর এ মাহবুবা জয়া বলেন, রোববার এ সংক্রান্ত এক সরকারি আদেশ হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএমপিতে প্রায় ২৫ হাজার ৫শ পুলিশ রয়েছে। ওই সংখ্যক পুলিশ বাড়লে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক করা যাবে।”
নতুন লোকবলের মধ্যে অ্যাসিস্ট্যান্ড কম্পিউটার প্রোগ্রামার, অ্যাকাউন্টস অফিসার, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক ও ক্যাশিয়ারের ৩৩টি পদও রয়েছে।
এছাড়া আউট সোসিংয়ের মাধ্যমে অফিস সহায়ক, বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মীর ৪৪টি পদ পূরণ করা হবে।
