চাঁদপুরে অপহৃত শিশু পটুয়াখালীতে উদ্ধার
চাঁদপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিশুকে পটুয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার পটুয়াখালীর মির্জাপুর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদ আহমেদ
উদ্ধার হাবিব (৬) চাঁদপুরের পূর্ব শ্রীরামদীর আরিফ হোসেনের ছেলে।
এ সময় অপহরণে জড়িত ইছহাক বেপারীকে আটক করা হয়। তিনি একই এলাকার ইমাম হোসেনের ছেলে।
এসআই রাশে বলেন, শুক্রবার বিকালে হাবিবকে অপহরণের পর তার বাবার কাছে মোবাইলফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে ইছহাক। পরে হাবিবের বাবা চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করেন।
“পুলিশের পরামর্শমত হাবিবের বাবা পাঁচ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের পাঠায়। পরে মোবাইল ফোন ট্র্যাক করে মির্জাপুর থেকে হাবিবকে উদ্ধার করা হয়।”
এ ঘটনায় ইছহাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে জানান এসআই।
