বাল্যবিয়ে : বর ও কনের বাবাসহ ৩ জনের দণ্ড
গাজীপুরে বাল্যবিয়ের আয়োজন করায় হবু বর ও কনের বাবাসহ তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা এই দণ্ড দিয়েছেন বলে জানান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান।
দণ্ডপ্রাপ্তরা হলেন পাত্রীর বাবা ফজলুল হক (৪৪), পাত্রের বাবা আবুল কালাম আজাদ (৪০) এবং পাত্রের ভগ্নিপতি মো. সোলায়মান (২৩)।
সবাইকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, “গাজীপুর সিটি করপোরেশনের সামান্তপুর এলাকার বাসিন্দা আবুল কালাম। তার অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলের সঙ্গে পার্শ্ববর্তী পূর্বচান্দনা এলাকার বাসিন্দা ফজলুল হকের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন চলছিল।
“খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালাই এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাত্র ও পাত্রীর বাবাসহ তিন জনকে এ দণ্ড দেন।”
