২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত যুবকের লাশ মিলল পদ্মায়

পাবনার সুজানগর থেকে অপহরণের চার দিন পর পদ্মা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার দুপুরে সদর উপজেলার চরতারাপুর এলাকায় পদ্মা নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে পাবনা সদর থানার এসআই মুন্সী আবু কুদ্দুস জানান।

নিহত রাফিজুল ইসলাম (২১) সুজানগর উপজেলার বনখোলা গ্রামের কোরবান আলীর ছেলে।

এসআই কুদ্দুস বলেন, পদ্মা নদীতে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

“মৃতদেহটি সুজানগর থেকে অপহৃত রাফিজুলের বলে শনাক্ত করেছে সুজানগর থানা পুলিশ ও নিহতের স্বজনরা।”

সুজানগর থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ সেপ্টেম্বর স্থানীয় খয়রান ব্রিজে বেড়ানোর কথা বলে রাফিজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের সুলতান শেখ ও রফিকুল মন্ডল। এরপর রাফিজুলের পরিবারের কাছে প্রথমে এক লাখ, পরে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

এ ঘটনার পরদিন রাফিজুলের বাবা কোরবান আলী বাদী দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে আসামি করে একটি মামলা করেন।

ওসি বলেন, “রোববার দুপুরে সদর উপজেলার পদ্মা নদীতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাফিজুলের স্বজনদের নিয়ে আমরা সেখানে যাই। পরে মরদেহটি রাফিজুলের বলে শনাক্ত করেন তার স্বজনরা।”