আমার খুবই খারাপ লাগছে: জাফর ইকবাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের মারধরের ঘটনায় ছাত্রলীগ দোষী হলেও তাদের শাস্তি দেওয়া সঠিক হয়নি বলে মনে করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
বরং যারা তাদের এই পথে ঠেলে দিয়েছেন তাদের বিচার দাবি করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির বিষয়ে বুধবার সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক এ দাবি জানান।
তিনি বলেন, “এই বাচ্চা ছেলেগুলোকে মিসগাইডেড করে পাঠিয়ে দিয়েছে, এখন তারাই বিপদে পড়েছে। ছাত্রত্ব বাতিল হবে, শাস্তি হবে। ওরা কী দোষ করেছে? কাজেই, এখন আমার খুবই খারাপ লাগছে। এই ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায়। যে তাদের পাঠিয়েছে, তাদেরকে শাস্তি দেন।”
গত ৩০ অগাস্ট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় অধ্যাপক ইয়াসমিনসহ কয়েকজন শিক্ষক আহত হন।
এ ঘটনায় ছাত্রলীগের চার নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ; সংগঠন থেকেও তিন জনকে বহিষ্কার করা হয়েছে।
জাফর ইকবাল বলেন, “যখন নাকি ছাত্রলীগের ছেলেরা এসে শিক্ষকদের উপর হামলা করে তখন উনি (উপাচার্য) বললেন এরা ছাত্রলীগের নয়, এদেরকে আমি পাঠাই নাই, এরা সাধারণ শিক্ষার্থী, এরা শিক্ষার পরিবেশ রক্ষায় এসেছে। তিনি এদের অ্যাক্টিভিস্ট বললেন।
“পরে দেখা গেল এটা ভুল। বিশ^বিদ্যালয় থেকে চার জনকে বহিষ্কার করেছে, ছাত্রলীগ থেকে তিন জনকে বহিষ্কার করেছে। কাজেই এটা ভুল, ভুল।”
তিনি বলেন, “উনি (উপাচার্য) বললেন প্রফেসর ইউনুছ উনার কলার ধরে ধাক্কা দিয়েছেন। অনেক গুরুতর অভিযোগ। আমরা শিক্ষক মানুষ। আমরা একজনের কলার ধরে ধাক্কা দিলে শুনতে কেমন লাগে? শিক্ষকদের উপর তো পুরো জাতি ক্ষিপ্ত হয়ে যাবে। এরা কেমন শিক্ষক, আরেকজন শিক্ষকের কলার ধরে ধাক্কাধাক্কি করছে।
“আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যারা শিক্ষকদের উপর হামলা করেছে তিনি তাদের বিচার চান। শিক্ষকদের উপর কে হামলা করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরা তো ছাত্র, আমাদের ছাত্র। এত কমবয়সী ছেলে, এরা কী বোঝে? ওদেরকে আপনি যা বোঝাবেন, সেটাই করবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজন আর চারজনকে বহিষ্কার করা হয়েছে, এখন আমার লিটারালি ওদের জন্য মায়া লাগছে। আহা বেচারারা। তাদেরকে যারা ব্যবহার করছে কেউ তাদের কাছে যাচ্ছে না।”
‘ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাফর ইকবাল বলেন, “এরা আমাদের ছাত্র। এদের আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা ওদের মাথায় হাত বুলিয়ে, ওদের সঙ্গে কথা বলে, ওদেরকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারব।”
“প্রধানমন্ত্রী বলেছেন আগাছাকে দূর করে দিতে। আমি বলি, না। আগাছাকে আমরা ফুলগাছে পরিণত করব। সম্ভব। আমাদের ছাত্র, আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা ওদেরকে ঠিক করে দেব।”
