২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার নিন্দায় সাবেক ছাত্রনেতারা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী শিক্ষকদের উপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার নিন্দা জানিয়েছেন সাবেক একদল ছাত্রনেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 01:07 PM

রোববার সকালে ওই হামলার পর বিকালে পাঠানো বামপন্থি ছাত্র সংগঠনের নেতাদের এক বিবৃতিতে বলা হয়েছে, “পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্তব্যরত সাংবাদিকদের উপর ছাত্রলীগের এই বর্বর হামলা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিল, যার দায় ছাত্র আন্দোলনের কর্মীরা কখনই নেবে না। এই কলঙ্কের দায় ছাত্রলীগ এবং ক্ষমতাসীনদেরই বহন করতে হবে।”

“দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রলীগকে এই হামলার মনোবল জুগিয়েছে, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ধরে নিতে হবে সরকারও শিক্ষক পেটানোর নীতি গ্রহণ করেছে,” বলেছেন সাবেক এই ছাত্রনেতারা। 

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি রাজেকুজ্জামান রতন, বজলুর রশিদ ফিরোজ, রাকসুর সাব্কে ভিপি রাগিব আহসান মুন্না, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসলাম খান, হাসান হাফিজুর রহমান সোহেল, হাসান তারিক চৌধুরী, শরিফুজ্জামান শরিফ, লুনা নূর, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, ফেরদৌস আহমেদ উজ্জ্বল।

পুরনো খবর:

ভিসির রাস্তা খালি করতে শিক্ষকদের পেটাল ছাত্রলীগ