২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন মেনেই চলে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনার মধ্যে থাকা র‌্যাবের পক্ষে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাষ্ট্রীয় এই বাহিনী আইন অনুসরণ করেই কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে কিশোর হত্যার আসামি হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়ার মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তে আদালতের নির্দেশের পর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে একথা বলেন তিনি।  

আসাদুজ্জামান কামাল বলেন, “আরজুর মৃত্যুর ঘটনায় র‌্যাব দায়ী কি না, তা এখনই বলা যাবে না। এ বিষয়ে অনুসন্ধান চলছে। আদালত যেভাবে বলবে সেভাবে আমরা কাজ করে যাব।”

র‌্যাবকে কোনো নির্দেশনা দেওয়া হয় কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা নতুন ঘটনা নয়। তারা (র‌্যাব) আইন-শৃঙ্খলা বাহিনী। তাদেরকে সব সময় আইনের মধ্যে থেকে কাজ করতে বলা হয়।”

নিজ এলাকার ছাত্রলীগ নেতা আরজুকে হত্যা করা হয়েছে দাবি করে করে ওই এলাকায় সরকারি দলের সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি-জামায়াতের তৈরি র‌্যাব দিয়ে সরকার চলতে পারে না।

নিজের দলের সংসদ সদস্যের ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “এটা তার ব্যক্তিগত মন্তব্য।”

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে র‌্যাব গঠিত হওয়ার পর ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠতে থাকে। এর সমালোচনা করে র‌্যাব বিলুপ্তির দাবিও তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

ঢাকায় সফররত যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন মঙ্গলবার বলেছেন, গণতন্ত্র ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড একসঙ্গে চলতে পারে না।  

Image
আসাদুজ্জামান কামাল (ফাইল ছবি)

আসাদুজ্জামান কামাল (ফাইল ছবি)

র‌্যাব বিলুপ্তির দাবি প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রশ্নই উঠে না। যে কাজের জন্য র‌্যাব তৈরি করা হয়েছে, সে কাজে তারা সক্ষমতা দেখিয়েছে। জঙ্গি দমনে, অপরাধ দমনে, মাদক দমনে তারা তাদের সক্ষমতা দেখাতে পেরেছে।”

নারায়ণগঞ্জে সাত খুনে র‌্যাব কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ উঠার পর পদক্ষেপের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “কোনো কর্মকর্তা অপরাধ করলে তার তো বিচার হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

আরজু হত্যাকাণ্ডের ওই এলাকার র‌্যাব-২ এর অধিনায়ককে সরিয়ে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আসাদুজ্জামান কামাল বলেন, “আরও দু’একজন কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের পারফরমেন্স সুখকর ছিল না।”

পুরনো খবর:

বন্দুকযুদ্ধে আরজুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
গণতন্ত্রে বিচারবহির্ভূত হত্যা চলতে পারে না: সোয়েইন