গণতন্ত্রে বিচারবহির্ভূত হত্যা চলতে পারে না: সোয়েইন
একটি গণতান্ত্রিক দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন।
সরকারের এ ধরনের ঘটনার ‘তদন্ত ও দায়ীদের বিচার’ নিশ্চিত করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও মেনে চলা জরুরি, তার অর্থ বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা যায় না।”
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
সোয়েইন বলেন, “তিন দিনের সফরের উপর ভিত্তি করে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে যাওয়ার মতো অবস্থায় আমি নেই।
“তবে আমি বিশ্বাস করি যে, এ ধরনের অপরাধের তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনা জরুরি।”
প্রথমবারের মত বাংলাদেশ সফরে রোববার ঢাকা পৌঁছান ডেসমন্ড সোয়েইন। পোশাক কারখানা পরিদর্শনের পাশাপাশি যুক্তরাজ্যের সহায়তায় পরিচালিত প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি দেখতে কড়াইল বস্তি ও কুড়িগ্রামের চরাঞ্চল পরিদর্শন করেন তিনি।
রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েন। ছবি: নয়ন কুমার
প্রতিমন্ত্রী সোয়েইন বলেন, একটি ‘শান্তিপূর্ণ সমাজ’ এবং ‘একটি শক্তিশালী সুশীল সমাজ, যারা আইনের শাসনের আওতায় থেকে সরকারকে জবাবদিহি করতে পারবে’-এর সব বিষয় নতুন উন্নয়ন লক্ষ্যমাত্রায় অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাদেশে সংবাদপত্র ও বাক স্বাধীনতা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।
“কোনো বিদেশি রাজনীতিক যদি লন্ডনে আমার কাছে আসে এবং বলে তোমাকে অবশ্যই এটা করতে হবে। আমি তার প্রতি খুবই রূঢ় হতাম। একইভাবে তোমাদের কীভাবে দেশ চালাতে হবে তা আমি বলতে যাচ্ছি না। এটা তোমাদের বিষয়,” বলেন সোয়েইন।
ব্লগার হত্যাকাণ্ডে সম্প্রতি এক ব্রিটিশ-বাংলাদেশিকে গ্রেপ্তার নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “তথ্য-প্রমাণের ভিত্তিতে যে কোনো দিকে তদন্তের অধিকার পুলিশের রয়েছে।”
