২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগের নতুন কমিটি হলেও সেই ‍পুরনো সংঘর্ষ

নিজেদের মধ্যে বিরোধ নিরসনের ঘোষণার এক মাসের মধ্যেই সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

মঙ্গলবার বিকালে এই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের পাশাপাশি ফাঁকা গুলিও ছোড়ে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক জমির উদ্দিন, কর্মী ইমদাদ হোসেন সাহিল, মিজানুর রহমান বিপুল, রুবেল, লিমন, সাইদুল এবং হাটহাজারী থানার এসআই মো. ইউনুস।

আহতদের বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শহীদ সোহরাওয়ার্দী হলে আসন ভাগাভাগি নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর দুই পক্ষ হল থেকে বেরিয়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে সোহরাওয়ার্দী হলে সিট নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ বাঁধে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানান তিনি।

সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভাপতি সমর্থকরা শাহজালাল হলের সামনে এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ আমানত হলের ভেতরে অবস্থান নিয়ে থেমে থেমে পাথর ছুড়ছিল সন্ধ্যা পর্যন্ত। তখন দুই হলের মাঝামাঝি স্থানে পুলিশ থাকলেও সভাপতি পক্ষের কর্মীরা শাহ আমানত হলের ভেতরে ঢোকার চেষ্টা চালালেও ব্যর্থ হয়।

গত ১৯ জুলাই আলমগীর টিপুকে সভাপতি এবং ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। তিন দিন পর ২২ জুলাই সংবাদ সম্মেলন করে টিপু ও সুজন নিজেদের মধ্যে কোনো কোন্দল নেই দাবি করে ক্যাম্পাসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন।

মঙ্গলবারের সংঘর্ষের জন্য সভাপতি পক্ষের কর্মীদের দায়ী করেছেন সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহরাওয়ার্দী হলে ২০০৯-১০ সেশনের ছাত্রলীগকর্মীরা বৈঠক করছিল। এসময় সভাপতির অনুসারী কর্মীরা তাদের উপর হামলা চালায়।”

এ বিষয়ে কথা বলতে একাধিক বার সভাপতি আলমগীর টিপুর মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা ধরেননি।

সভাপতি টিপু চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের এবং সাধারণ সম্পাদক সুজন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

এই কমিটি গঠনের আগে উপদলীয় কোন্দলে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি বিলুপ্ত করেছিল কেন্দ্রীয় কমিটি।

পুরনো খবর:

সব অভিযোগ অস্বীকার চবি ছাত্রলীগের নতুন সভাপতির
ফুল দিয়ে এসেই গোলাগুলিতে ছাত্রলীগ, নিহত ১
চবি ছাত্রলীগের দ্বন্দ্বে ক্ষুব্ধ শেখ হাসিনা
বিভক্তি নিয়ে মন্ত্রীর বক্তব্যের মধ্যেই ছাত্রলীগের সংষর্ষ