ঘরভাড়া বকেয়া থাকায় দুই শিশুকে তালাবন্ধ করার অভিযোগ
বাড়ি ভাড়া বকেয়া থাকায় চাঁদপুরে দুই শিশুকে তালাবন্ধ করে রাখার অভিযোগে বাড়ির মালিকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের আশিকাটি এলাকার তালাবন্ধ ঘরটি থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, বাড়ির মালিক মোস্তফা তালুকদার, তার সহযোগী মনির বেপারী ও বাসচালক সবুজ।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, মোস্তফা তালুকদারের বাড়িতে রীনা বেগম নামের এক নারী দুই সন্তান ও স্বামীসহ দেড় বছর ধরে ভাড়া থাকেন। রীনার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন।
তিনি জানান, তাদের দুই সন্তান রিমন (১০) ও রিমি। রিমন লেখাপড়া করে না। রিমি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।
অভাব অনটনের কারণে তাদের দুমাসের বাড়ি ভাড়া বাবদ চার হাজার ৬০০ টাকা বকেয়া পড়ে যায় বলে জানান এসপি শাসুন্নাহার।
রীনা বেগম বলেন, সোমবার দুপুরে বাচ্চাদের বাসায় রেখে শহরের ওয়াপদা গেইট এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। তাদের বাবাও পেশাগত কাজে বাইরে ছিলেন।
তাদের বাড়ি থাকার সুযোগে বাড়ির মালিকের লোকজন বাচ্চাদের ঘরে আটকে বাইরে থেকে তালা মেরে দেয় বলে অভিযোগ করেন রীনা।
“মঙ্গলবার সকালে বাড়ি ফিরে এ ঘটনা দেখে ভাইকে বিষয়টি জানাই। পরে ভাই বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানান।”
পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশ তালা ভেঙ্গে বাচ্চা দুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে এবং বাড়ির মালিকসহ তিন জনকে আটক করেছে।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
