২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা: অভিযোগ গঠন আবার পেছাল

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ আবার পিছিয়েছে। এ নিয়ে অষ্টমবারের মতো এ মামলার অভিযোগ গঠন পেছানো হলো।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীসহ কয়েকজন আসামি হাজির না হওয়ায় মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান অভিযোগ গঠন করেননি।

তবে এই মামলার অভিযোগ গঠনের জন্য নতুন কোনো তারিখও রাখা হয়নি বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর।

কিশোর কুমার কর বলেন, কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে আট জন জামিনে, ১৪ জন কারাগারে। এছাড়া ১০ জন পলাতক রয়েছেন। মঙ্গলবার হবিগঞ্জের বরখাস্ত পৌর মেয়র জিকে গৌছ, মিজানুর রহমান মিন্টু, হাফেজ মো. নাঈম, বদরুল আলম মিজান ও রিপনকে আদালতে হাজির করা হয়।

“আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বাকি নয় জনকে আদালতে হাজির করা হয়নি। তাই বিচারক মামলার অভিযোগ গঠন করেননি।”

আইন অনুযায়ী অভিযোগ গঠনের সময় কারাবন্দি সব আসামিকে আদালতে হাজির থাকতে হয় বলে জানান এ আইনজীবী। 

এর আগে গত ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই এবং ৩, ১০ ও ১৮ অগাস্ট আলোচিত এই হত্যা মামলার অভিযোগ গঠনের কথা ছিল। কিন্তু সব আসামিকে আদালতে হাজির করতে না পারায় তারিখ পিছিয়ে যায়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা বর্তমান জেলা সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।