রূপসায় রেলসেতু নির্মাণে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
খুলনা থেকে মংলা পথে রূপসা নদীতে একটি রেলসেতু নির্মাণে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার বিকালে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (প্রকল্প) মজিবুর রহমান ও ভারতীয় নির্মাতা প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টবরোর ভাইস প্রেসিডেন্ট পি. নিরাঞ্জনা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
মূল রেলসেতুর দৈর্ঘ্য হবে ৭১৬ মিটার। আর সংযোগ রেললাইনসহ মোট দৈর্ঘ্য হবে পাঁচ দশমিক ১৩ কিলোমিটার। ৪২ মাসের মধ্যে সমাপ্য কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে এক হাজার ৭৬ কোটি ৪৪ লাখ টাকা।
রেলবিভাগের কর্মকর্তারা জানান, ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে খুলনা-মংলা রেললাইনসহ সেতুটি নির্মাণ করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, “খুলনা-মংলা রেললাইনটি দক্ষিণাঞ্চল তথা সমগ্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এ প্রকল্প চালু হলে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে।”
নির্ধারিত সময়ে কাজ শেষ করতে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি তিনি আহ্বান জানান।
“একই প্রতিষ্ঠানের সঙ্গে আমরা অনেকগুলো প্রকল্পে কাজ করছি। এর অনেকগুলোই প্রায় বাস্তবায়নের পথে। আমি আশা করি, নির্মাতা প্রতিষ্ঠান চুক্তিতে উল্লেখিত সময়ের অনেক আগেই কাজ শেষ করতে পারবেন।”
এ অনুষ্ঠানে বাংলাদেশ নিযুক্ত ভারতের হাই কমিশনের রেলওয়ে উপদেষ্টা দিবাঞ্জন রায়, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন ও রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
