আদমজী ইপিজেডে খাবার খেয়ে দেড়শ অসুস্থ
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় খাবার খেয়ে গত দুদিনে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন।
তাদেরকে ঢাকার মহাখালীতে আইসিডিডিআর,বি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে শিল্প পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষ জানায়।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের এই ইপিজেডে ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকশ্চারিং লিমিটেডে প্রায় ৫ হাজার ২শ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করে।
এদের সবার খাবার কারখানার নিজস্ব রান্নাঘরে প্রস্তুত করে তা সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান একে ট্রেডিং।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান জানান, গত বৃহস্পতিবার দুপুরের খাওয়ার পর ওই কারখানার ৭০ জন শ্রমিক পেটের পীড়া ও বমিতে আক্রান্ত হলে তাদের ঢাকায় আইসিসিডিডিআর,বিতে পাঠানো হয়।
তিনি বলেন, শুক্রবার কারখানাটিতে সাপ্তাহিক ছুটি ছিল। শনিবার আরও ৭০ জন এবং রোববার আরও ৪০ জন একই লক্ষণ নিয়ে আক্রান্ত হলে তাদেরও আইসিডিডিআর,বিতে পাঠানো হয়।
এদের মধ্যে কয়েকজন ভর্তি আছেন এবং বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন। সরবরাহ করা খাবার ও পানি থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
তবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর জানান, পেটের পীড়া ও বমিতে আক্রান্ত ৬৫ জন মহাখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
“গার্মেন্টস কারখানার খাবার ও পানির নমুনা সংগ্রহ করে গত শনিবার পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে কী কারণে ওই কারখানার শ্রমিকরা অসুস্থ হয়েছে।”
ঘটনা তদন্তে বেপজা একটি কমিটি গঠন করেছে বলেও তিনি জানান।
আইসিসিডিডিআর’বির ডা. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এপিক পোশাক কারখানার ১২২ জন শ্রমিক শনিবার সকাল থেকে তাদের হাসপাতালে ভর্তি হন।
শ্রমিকরা সবাই ফুড পয়জনিংয়ে আক্তান্ত। এদের মধ্যে ৫৫ জনকে ছুটি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
রোবাবার বিকালে মহাখালী আইসিডিডিআর,বিতে চিকিসাধীন কারখানার অপারেটর আসমা বেগম (২৬) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে কারখানা থেকে প্রতিদিনের মতো খাবার দেওয়া হয়। প্রায় দুই শতাধিক শ্রমিক ওই খাবার খেয়ে অসুস্থ হয়েছেন ।
পরদিন বৃহস্পতিবার তিনি অসুস্থতা নিয়ে কারখানায় যান এবং দেখতে পান অনেক শ্রমিক কারখানায় অনুপস্থিত। শুক্রবার ছুটির দিন থাকায় তিনি কারখানায় যাননি।
শনিবার সকালে ছুটি আনতে কারখানায় গেলে আসমা দেখেন তার মতো আরো অনেক শ্রমিক অসুস্থ এবং ছুটির জন্য অপেক্ষা করছেন।
আয়েশা আক্তার (২২) নামে আরেক শ্রমিক বলেন, বুধবার দুপুরে খাওয়ায় পর থেকে তিনি অসুস্থ্ হন এবং শনিবার কারখানার কর্তৃপক্ষ তাকে মহাখালী নিয়ে আসে।
