ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: সেতুমন্ত্রী
যারা সরকারের অর্জন ম্লান করে দিচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “২২টি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করার কারণে ওইসব মহাসড়কের দুর্ঘটনা অনেক কমেছে।”
সারাদেশের ভাঙা-চোরা সড়ক মেরামতে বরাদ্দের অভাব নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “সড়ক সংস্কারে সরকারের বরাদ্দের কোনো অভাব নেই। কিন্তু ঠিকাদাররা যদি ঠিকমতো কাজ না করেন তাহলে এর দায়-দায়িত্ব সরকারের নয়।”
এসময় সড়ক মেরামতে দায়িত্বে অবহেলার কারণে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্যকে শোকজ করার নির্দেশ দেন মন্ত্রী।
পরে তিনি যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সরাইল উপজেলা নির্বাহী মো. এমরান হোসেনসহ সড়ক বিভাগ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
