২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি বন্ধ

নাব্য সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে দু পাড়ে সাত শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 02:39 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

মাওয়া বিআডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে এ রুটের ফেরি সার্ভিস। শনিবার সকালে এ পাড় থেকে ওপারে যেতে পারেনি কোনো ফেরি।

সকাল ৯টার দিকে একটি ফেরি সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটনকে নিয়ে রওনা হলেও লৌহজং টানিং পার হতে না পেরে দেড় ঘণ্টা চেষ্টা করে ফিরে আসে। পরে স্পিডবোটে করে নদী পার হন সাংসদ।

পরবর্তীতে জোয়ারে টানা ফেরি টাপলু, লেন্টিং, যমুনা, রানীক্ষেত ও রামশ্রী সকাল ১০টা পরে শিমুলিয়া ঘাট ছেড়ে গেলেও লৌহজং টানিং পার হতে পারেনি। পরে ওগুলো ফিরে আসে ঘাটে।

শনিবার সকাল থেকে কাওড়াকান্দি ঘাট থেকে কোন ফেরি ছেড়ে এপাড়ে আসেনি।

বিআডব্লিউটিসির এ কর্মকর্তা বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিসে বিপর্যয় চলছে গত দু সপ্তাহ ধরে। বৃহস্পতিবার থেকে চরম আকার ধারণ করেছে তা। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্গতি বেড়েছে।

শুক্রবার নৌ পরিবহনমন্ত্রী পরিদর্শন করে নাব্য সঙ্কটরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না বলে জানান তিনি।

নাব্য সঙ্কটরোধে ড্রেজিং প্রয়োজনের তুলনায় অপ্রতুল জানিয়ে তিনি বলেন, তাই আউটপুট পাওয়া যাচ্ছে না।  সেইসঙ্গে তীব্র স্রোতে পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে।

স্বাভাবিক ফেরি চলার জন্য চ্যানেলে পানির গভীরতা প্রয়োজন সাড়ে সাত ফুট। কিন্তু  সেখানে পানির গভীরতা এখন ছয় ফুটে নেমে এসেছে বলে জানান বিআডব্লিউটিসির এ কর্মকর্তা ।

“এ নৌ রুটে দু সপ্তাহ ধরে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝারি ও ছোট ফেরি চলছি তাও এল বন্ধ,” বলেন তিনি।

বিআইডব্লিউটিএর উপ পরিচালক এসএম আজগর আলী বলেন, নাব্য সংকট দূর করতে ঈদের দুই দিন পর থেকে পদ্মা নদীর লৌহজং টানিং পয়েন্টে বিআইডব্লিউটিএ ড্রেজিং করে চলেছে। বর্তমানে সেখানে তিনটি ড্রেজার মাটি কাটছে।

“কিন্তু  স্রোতের সঙ্গে পলি এসে খননকৃত চ্যানেলগুলো আবারও ভরে দেওয়ায় ড্রেজিং করে আগানো যাচ্ছে না ।”