সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির নিহত হওয়ার খবর এসেছে বাংলাদেশে তাদের পরিবারের কাছে।
নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে খোরশেদ আলম (৩০) এবং একই উপজেলার বাগাদী ইউনিয়নের উত্তর বাগাদী ঢালীর ঘাট এলাকার আব্দুল মালেক হাওলাদার (৪০)।
দুজনই সৌদি আরবের রিয়াদে একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার সময় আল কাসিম বোরাইদা এলাকায় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খোরশেদের বাবা আব্দুল আজিজ শেখ।
প্রবাসীদের কাছ থেকে ছেলে ও তার সহকর্মীর মৃত্যুর খবর এসেছে আজিজ শেখের কাছে।
খোরশেদ ২০০৪ সালে এবং মালেক ১৯৯৪ সালে সৌদি আরবে যান বলে জানায় তাদের পরিবার।
লক্ষ্মীপুর মডেল ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান বলেন, খোরশেদ সর্বশেষ ২০০৮ সালে দেশে এসেছিলেন। তার চার বছর বয়সী একটি সন্তান আছে।
আজিজ শেখ তার ছেলের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে।
মালেকের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে। স্ত্রী জ্যোৎস্না বেগম স্বামীর মৃত্যুর খবর শুনে বার বার মুর্ছা যান। আর মা ও দুই সন্তানও শোকে কাতর।
জ্যোৎস্না বলেন, “আমার অহন কী অইব? আমি কেমনে পোলাপাইনরে মানুষ করমু? আমি তো সব হারাইলাম।”
মালেকের মাঈনুদ্দিন (১০) ও জান্নাত (৫) নামের তাদের দুই সন্তান রয়েছে।
২০১৪ সালে মালেক সর্বশেষ বাড়িতে এসেছিলেন। আগামী জানুয়ারি মাসে তার দেশে আসার কথা ছিল বলে জানান জ্যোৎস্না।
