চট্টগ্রামে অবৈধ পিস্তলসহ প্রবাসী আটক
গভীর রাতে অবৈধ অস্ত্র নিয়ে ‘ঘোরাঘুরির সময়’ এক প্রবাসী ও তার ‘দেহরক্ষী’কে আটক করেছে চট্টগ্রামের বায়েজিদ থানার পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ফিরোজ উদ্দিন ওরফে সাবু (২৮) ও তার দেহরক্ষী অপু দে (২৫)।
বুধবার বায়েজিদ এলাকার স্টারশিপ গলি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বলে থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন।
অপুর কাছে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন পাওয়া গেছে বলে জানান তিনি।
ওসি প্রদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ২টার দিকে স্টারশিপ গলির মুখে একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল পুলিশের একটি দল সেটি থামায়।
“এ সময় অটোরিকশার আরোহী সাবু ও অপুকে তল্লাশি করে অস্ত্র পাওয়া যায়।”
ওসি বলেন, “রাউজানের গহিড়া ইউনিয়নের বাসিন্দা সাবু দুবাই থাকেন। তিনি জিজ্ঞাসাবাদে বলেছেন, দেশে এলে সঙ্গে একজন দেহরক্ষী রাখেন।”
তবে পিস্তলের লাইসেন্স না থাকার বিষয়টি তারা স্বীকার করেছেন বলে জানান ওসি।
তিনি বলেন, “অস্ত্র ও গুলি কীভাবে সংগ্রহ করা হয়েছে- তা জানতে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
