খুলনায় ট্রেন চলাচল শুরু
সাড়ে আট ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।
খুলনা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুকুমার বিশ্বাস জানান, বুধবার বেলা পৌনে ৩টায় লাইনচ্যুত এসবিকে ডাউন টু মালবাহী ট্রেনের বগি দুইটি উদ্ধারের কাজ শেষ হয়।
দৌলতপুর রেল স্টেশনের মাস্টার পুষ্পল চক্রবর্তী জানান, বেলা সোয়া ৩টা থেকে খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এরপর খুলনা স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান তিনি।
সকাল সাড়ে ৬টায় দৌলতপুর রেল স্টেশনের কাছে বগুড়ার শান্তাহার থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ওই সময় ঢাকা, রাজশাহী, বেনাপোলসহ দেশের বিভিন্ন গন্তব্য অভিমুখী পাঁচটি ট্রেন কপোতাক্ষ, মহানন্দা, চিত্রা, কমিউটার, রূপসা আন্তঃনগর ট্রেন খুলনা স্টেশনে আটকে যায়।
