২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগি লাইনচ্যুত হয়ে রেলপথে বিচ্ছিন্ন খুলনা

খুলনার দৌলতপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 12:32 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ শুরু হয়েছে। দুপুরের দিকে উদ্ধার কাজ শেষ হতে পারে বলে আশা করছে  রেলওয়ে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় পড়া মালবাহী ট্রেনের সহকারী চালক হেদায়েত হোসেন বলেন, ‘এস বি কে টু ডাউন’ মালবাহী ট্রেনটি বগুড়ার শান্তাহার থেকে খুলনার দিকে যাচ্ছিল।

“দৌলতপুর রেল স্টেশনের কাছে ট্রেনটি তিন নম্বর লাইন দিয়ে ঢোকার মুখে দুটি বগি লাইনচ্যুত হয়। বগি দুটি পাশের দ্বিতীয় লাইনের উপর গিয়ে পড়ায় দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”

Image
খুলনায় বুধবার দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশের রেল লাইনে পড়ায় দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়

খুলনায় বুধবার দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশের রেল লাইনে পড়ায় দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়

Image
খুলনায় লাইনচ্যুত বগি সরাতে আনা উদ্ধারকারী ট্রেন 

খুলনায় লাইনচ্যুত বগি সরাতে আনা উদ্ধারকারী ট্রেন 

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা, রাজশাহী, বেনাপোলসহ দেশের বিভিন্ন অঞ্চলগামী পাঁচটি ট্রেন খুলনা স্টেশনে আটকে আছে।

এইগুলো হলো কপোতাক্ষ, মহানন্দা, চিত্রা, কমিউটার ও রূপসা আন্তঃনগর, বলেন ওসি আলমগীর।

রেলওয়ে পশ্চিম জোনের গাড়ি পরীক্ষক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছেন।

বেলা ১টা নাগাদ উদ্ধারকাজ শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে, বলেন তিনি।  

এর আগে গত ২৮ মে একই স্থানে এই ট্রেনেরই বগি লাইনচ্যুত হয়েছিল বলে ট্রেনটির চালক মো. আশরাফ আলী সরকার জানান।