২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের কণ্ঠরোধ হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক প্রবীর সিকদার এবং সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এতে সাংবাদিকদের কণ্ঠরোধ হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 12:34 AM

Updated : 22 Aug 2022, 01:03 PM

তথ্য প্রযুক্তি আইনে প্রবীর সিকদারকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সমালোচনার মধ্যে মঙ্গলবার বিএনপি সমর্থক সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেপ্তারের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

এই দুটি ঘটনায় গণমাধ্যমের কণ্ঠরোধের কোনো বিষয় নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাঁচশয়ের উপরে পত্রিকা, টিভি, অনলাইন রয়েছে। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে।”

একাত্তরে শহীদের সন্তান প্রবীর সিকদারকে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে এক ফেইসবুক স্ট্যাটাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

তার স্ট্যাটাসে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে মন্ত্রীর এলাকা ফরিদপুরের এক আইনজীবীর করা মামলায় প্রবীরকে মঙ্গলবার রিমান্ডেও পাঠানো হয়েছে।

উত্তরাধিকার ৭১ নিউজ এবং দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, যুদ্ধাপরাধীদের স্বরূপ উন্মোচনে সক্রিয় প্রবীর সিকদাকে গ্রেপ্তারে নিন্দা-প্রতিবাদের ঝড় উঠেছে।

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তও এর সমালোচনা করেছেন।  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দুঃখ প্রকাশ করে প্রবীর সিকদারের আইনি সুরক্ষা নিশ্চিতের আশ্বাসও দিয়েছেন।   

প্রবীর সিকদারকে কেন গ্রেপ্তার করা হল- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একজন সিনিয়র মন্ত্রীর পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা হয়েছে।”

“এটার জন্য সকলে সমবেদনা জানাচ্ছে। তবে কথা হচ্ছে আমাদের সিনিয়র মন্ত্রী মহোদয়, কেবিনেট সিনিয়র মিনিস্টার, তিনি আশংকা প্রকাশ করে মামলা করেছেন।”

ফেইসবুকে লেখালেখিকে কেন্দ্র করে হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ঢাকায় থানায় সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন প্রবীর সিকদার।

কিন্তু পুলিশ ওই জিডি নেয়নি জানিয়ে গত ১০ অগাস্ট নিজের ফেইসবুক পাতায় একটি স্ট্যাটাসে নিজের জীবন নিয়ে ঝুঁকির কথা বলেন এই সাংবাদিক। তাতে জীবন হানি ঘটলে মন্ত্রী খন্দকার মোশাররফও দায়ী থাকবেন বলে লেখেন তিনি।

তার ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে মন্ত্রীর এক সমর্থক ফরিদপুরে মামলাটি করেন। গত রোববার রাতে মামলার আগেই ঢাকায় প্রবীরকে আটক করা হয়। পরে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে পান্থপথ থেকে। তিনি বিএনপি সমর্থিত একটি নাগরিক ফোরামের অনুষ্ঠানে যাচ্ছিলেন।   

Image
আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

আসাদুজ্জামান কামাল বলেন, “তাকেও সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”

হরতাল-অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে শওকত মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা স্পষ্ট করে বলতে পারেননি মন্ত্রী।

সিলেটে, খুলনা, বরগুনার পর ঢাকায় কিশোরকে পিটিয়ে হত্যার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আসাদুজ্জামান কামাল।

“এসব বিছিন্ন ঘটনা। এসব যারা ঘটিয়ে তাদের প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।”

সোমবার রাতে ঢাকা ও মাগুরায় ‘বন্দুকযুদ্ধের’ বিষয়ে মন্ত্রী বলেন, “তারা গোলাগুলিতে মারা গেছেন।”

ঢাকায় পিটিয়ে কিশোর হত্যার আসামি ছাত্রলীগ নেতা আরজু মিয়া র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। মাগুরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত আজিবর শেখ অন্তঃস্বত্ত্বা নারীকে গুলি চালানোর মামলার আসামি।

পুরনো খবর:

সাংবাদিক প্রবীর সিকদার ৩ দিনের রিমান্ডে
আর শান্ত থাকার পরিস্থিতি নেই: সুরঞ্জিত
শওকত মাহমুদ গ্রেপ্তার