২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিদির’ মৃত্যুতে নড়াইলে শোক

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুতে তার নিজের জেলা নড়াইলে স্বজনদের পাশাপাশি সাধারণ মানুষও শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহবুবুর রশিদ, নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 07:12 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পুরনো খবর:

শ্বশুরালয় ঘুরে গেলেন প্রণব মুখোপাধ্যায়

মঙ্গলবার নয়া দিল্লির একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শুভ্রা। শ্বাসকষ্টের পাশাপাশি হৃদরোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শেষকৃত্যে অংশ নিতে নয়া দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা।

১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্রনাথ ঘোষ ও  মীরা রানী ঘোষের ঘরে জন্ম হয় শুভ্রার। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ভাই-বোনের মধ্যে শুধু কানাই লাল ঘোষ (৭০) বতর্মানে ভদ্রবিলায় পৈত্রিকভিটায় বসবাস করেন।

ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয়ে যান প্রণব মুখোপাধ্যায়। তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে বেড়িয়ে যান শুভ্রা মুখোপাধ্যায়।

Image
এক সময়ের প্রণব ও শুভ্রা মুখোপাধ্যায়

এক সময়ের প্রণব ও শুভ্রা মুখোপাধ্যায়

ননদের স্মৃতিচারণ করে কানাইলাল ঘোষের স্ত্রী দুলালী ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ ভারতের রাষ্ট্রপতির স্ত্রী হলেও তিনি আমাদের সঙ্গে খুবই আন্তরিকভাবে মেলামেশা করতেন। তার এই চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।”

২০১৩ সালের ৫ মার্চ শ্বশুর বাড়ি ঘুরে যাওয়ার পর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে স্ত্রীর নামে একটি তিনতলা ছাত্রী হোস্টেল করে দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এছাড়া শুভ্রা মুখোপাধ্যায়ের নানাবাড়ি চাঁচড়ায় একটি মন্দির ও একটি হাইস্কুলে ভবন নির্মাণ করে দিয়েছেন তিনি। শৈশবে কিছুদিন নানাবাড়ি থেকে স্কুলে পড়েছিলেন শুভ্রা।  

শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে এই প্রসঙ্গ স্মরণ করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।

“দিদির এই চলে যাওয়ায় আমরা গভীরভাবে ব্যথিত, শোকাহত ও মর্মাহত,” বলেন তিনি।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু বলেন, “তার চলে যাওয়ায় নড়াইলবাসী গভীরভাবে শোকাহত।”

“শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুর সংবাদে আমরা সাধারণ মানুষরা ব্যথিত ও মর্মাহত,” বলেন নড়াইলের দূর্গাপুর এলাকার কলেজ শিক্ষক শেখ মোয়াজ্জেম হোসেন।

বোনের অসুস্থতার খবরে কিছুদিন আগেই ভারতে গেছেন শুভ্রার ভাই কানাইলাল।

ভারতে যাওয়ার আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দিদি শুভ্রার জন্ম হয়েছিল নানা বাড়িতে। পাঁচ বছর বয়স পর্যন্ত নিজের গ্রাম ভদ্রবিলায় কাটান তিনি।

এরপর নানা বাড়িতে থেকে স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান।

Image
ভদ্রবিলা গ্রামে শুভ্রা মুখোপাধ্যায়ের বাবার বাড়ি

ভদ্রবিলা গ্রামে শুভ্রা মুখোপাধ্যায়ের বাবার বাড়ি

১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণবের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাদের দুই ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ও সুরজিৎ মুখোপাধ্যায় এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার খুব ভক্ত ছিলেন শুভ্রা মুখোপাধ্যায়। রবীন্দ্র সঙ্গীত গাইতেন তিনি। দীর্ঘদিন কবির নৃত্যনাট্যে অভিনয় করেছেন। শুধু ভারতের বিভিন্ন অংশেই নয়, ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় রবীন্দ্রনাথের নৃত্যনাট্যে অংশ নিয়েছেন তিনি।

রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যনাট্যে কবির যে দর্শন প্রকাশ পেয়েছে তার বিকাশের লক্ষ্যে কাজ করা গীতাঞ্জলি গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন শুভ্রা মুখোপাধ্যায়। এই গ্রুপের সব প্রযোজনার পিছনে তার কাজ রয়েছে বলে ভারতের বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

চিত্রশিল্পী হিসেবেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেক যৌথ প্রদর্শনীতে তার চিত্রকর্ম স্থান পেয়েছে, একক প্রদর্শনীও হয়েছে তার নামে। চিত্রশিল্পী মায়ের কাছ থেকে সৃষ্টিশীলতার অনুপ্রেরণা পেয়েছিলেন বলে বলতেন শুভ্রা মুখোপাধ্যায়।

সাংস্কৃতিক অঙ্গনে শুভ্রা মুখোপাধ্যায়ের পদচারণার বিষয়টি উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “তিনি ছিলেন একজন প্রেমময়ী মা, স্বামীর প্রতি সদা যত্নশীল স্ত্রী এবং সবার উপরে চমৎকার মানুষ। শিল্প, সংস্কৃতিতেও তার প্রতিভার স্বাক্ষর রয়েছে। চিত্রশিল্পী হিসেবে তার অবদান অনন্য।”

দুটি বই লিখেছেন শুভ্রা মুখোপাধ্যায়। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠতার স্মৃতি নিয়ে ‘চোখের আলোয়’ এবং চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন ‘চেনা অচেনা চীন’।