চাঁদপুরে শিক্ষক-শিক্ষার্থীকে মারধরে গ্রেপ্তাররা কারাগারে
চাঁদপুরের কচুয়া উপজেলায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মারধরের মামলায় গ্রেপ্তার আট জনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার এসআই নাসির উদ্দিন জানান, মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাসের আদালতে নেওয়ার পর সময় না থাকায় শুনানি হয়নি।
পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
জাতীয় শোক দিবসের জন্য যুবলীগ পরিচয়ে কয়েকজন যুবককে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে শনিবার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার এবং হল সুপার ফজলুর রহমানকে শনিবার রাতে লাঞ্ছিত ও মারধর করা হয়।
এর প্রতিবাদে রোববার বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করলে কয়েকজন যুবক বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের মারধর করে।
ওই দুই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
এ মামলায় ওই স্কুলের শিক্ষার্থীসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন এজাহারভুক্ত মনির হোসেন (৩৫), ফারুক হোসেন (৩০), মো. লিটন মিয়া (৪০), মো. মোজাম্মেল হোসেন (২৩) ও পপি আক্তার (১৮)।
এছাড়া সন্দেহভাজন হলেন ওয়ালী উল্লাহ (৩২), মো. সবুজ (৩০) ও আলাউদ্দিন (৩৫)।
