গাড়িতে চাপা দিয়ে আনসার সদস্যকে হত্যার অভিযোগ
রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোডের মোড়ে কভার্ড ভ্যানের চাপায় এক আনসার সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাতের এই ঘটনায় নিহতের পোশাকের নেইমপ্লেটে ‘শাহীন’ লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে।
এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মাঈনুদ্দীন নামে কভার্ড ভ্যানের ওই চালককে আটক করেছে পুলিশ।
শাহীন নামে ওই আনসার সদস্য সহকর্মী শান্তনু মজুমদারের সঙ্গে সাত রাস্তার মোড়ে বিজি প্রেসের সামনে টহলে ছিলেন।
শান্তনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সেখানে কভার্ড রাখতে বাধা দিলে চালক ও তার সহকারীর সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে শাহীনকে মারতে মারতে কভার্ড ভ্যানে তুলে নেওয়া হয়।
এর কয়েক মিনিটের মধ্যে রাত সোয়া ১১টার দিকে কয়েকশ গজ উত্তরে লাভ রোডের মোড়ে কভার্ড ভ্যানটির নিচে চাপা পড়ে শাহীন নিহত হন।
মানিক মিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ির সামনের দরজায় ওই আনসার সদস্য ঝুলছিলেন। খুব সম্ভবত তিনি রাস্তায় পড়ে গেলে ভ্যানটি তার মাথার ওপর দিয়ে চলে যায়।”
শাহিন নিহত হওয়ার পর স্থানীয়রা কভার্ড ভ্যানটি আটক করে। পরে পুলিশ এসে চালক মাঈনুদ্দীনকে থানায় নিয়ে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা আনসার সদস্যকে হত্যার অভিযোগের সত্যতা জানতে চেষ্টা চালাচ্ছেন।
খবর শুনে তেজগাঁও থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুল আলম থানায় গেছেন। নিহত শাহিন ঢাকা জেলা আনসার ব্যাটালিয়নের সদস্য বলে জানান তিনি।
