২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জীবনভিত্তিক অর্ধশতাধিক আলোকচিত্র নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে সচিবালয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার সচিবালয়ের ক্লিনিক ভবনের সামনে চার দিনব্যাপী এই প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্য অধিদপ্তর আয়োজিত প্রদর্শনীটি আগামী ২০ অগাস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

৭ মার্চের ভাষণ, ’৭২ সালে সরকার গঠনের পর প্রথম সংবাদ সম্মেলন এবং ইন্দিরা গান্ধী, ফিদেল কাস্ত্রো, কুয়েতের আমির, মালয়েশিয়ার রাজা ও সৌদি বাদশার সঙ্গে বঙ্গবন্ধুর ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

মেয়ে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু, পরিবার ও বাবা-মার সঙ্গে ছবি ছাড়াও শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর শেষ জন্মদিন পালনের ছবিও এই প্রদর্শনীতে রয়েছে।

শের-ই-বাংলা ফজলুল হকের কাছে ১৯৫৪ সালে কৃষি ও বনমন্ত্রী হিসাবে শপথ এবং স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম পদচারণার মুহূর্তের আলোকচিত্রও রয়েছে প্রদর্শনীতে।

প্রদর্শনীর উদ্বোধন করে হাসানুল হক ইনু বলেন, “সচিবালয়ের ইতিহাসে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হল।

“শেখ মুজিবুর রহমানকে সচিবালয়ে পরম শ্রদ্ধাভরে আমরা স্মরণ করছি। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বড় পরিসরে এমন প্রদর্শনীর আয়োজন করা হবে।”

আলোকচিত্র সঠিক ইতিহাস তুলে ধরে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “পঁচাত্তরের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ধ্বংসের প্রচেষ্টা চালানো হয়েছিল। কুচক্রীদের পরাজিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবার তার নিজস্ব পথে চলতে শুরু করেছে।”

এই পথচলা অব্যাহত রাখতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলার আহ্বান জানান ইনু।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, এস এম হারুন-অর-রশীদ, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, যুগ্ম-সচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইসতাক হোসেনসহ মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।