২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে ছিনতাইকারীর কবলে সমবায় কর্মকর্তা

রাজধানীর ওয়ারীতে এক সমবায় কর্মকর্তার কাছ থেকে কয়েক হাজার টাকাসহ মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 09:25 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার ভোরে এ ঘটনার শিকার আব্দুর রউফ রাজবাড়ী জেলার সমবায় কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে তিনি বলেন, ভোরে গোপীবাগ রেলগেইটের বাসা থেকে তিনি রিকশাযোগে মতিঝিলের দিকে যাচ্ছিলেন। রিকশাটি রেলগেইট অতিক্রম করামাত্র একটি ধূসর রঙের মাইক্রোবাস রিকশার সামনে এসে দাঁড়ায়।

“এ সময় কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে দুই যুবক চাপাতি নিয়ে নেমে ভয় দেখিয়ে আমার দুটি মোবাইল ফোন ও ছয় হাজার টাকা এবং সঙ্গে থাকা ল্যাপটপ ছিনিয়ে নেয়।”

ব্যাগে ল্যাপটপের সঙ্গে অফিসের জরুরি কাগজপত্র ছিল বলেও জানান তিনি।

আব্দুর রউফ জানান, ঘটনার পর ওয়ারী থানায় তিনি একটি জিডি করেছেন, তবে ‘ঝামেলার’ কথা বিবেচনা করে জিডিতে ছিনতাইয়ের কথা উল্লেখ করেননি।

মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় জিডি গ্রহণ করার কথা নিশ্চিত করেছেন ওয়ারী থানার এএসআই লিটন বিশ্বাস।