২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড খাইয়ে হত্যা চেষ্টা, চাচির মৃত্যুদণ্ড           

এক শিশুকে এসিড খাইয়ে হত্যা চেষ্টার মামলায় এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত, যিনি ওই শিশুর চাচি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার যশোরের অতিরিক্ত দায়রা জজ -৪ ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ হোসেন হায়দার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রীনা রাণী বাঘারপাড়ার আজমেহেরপুর গ্রামের পরিতোষ কুমার তরফদারের স্ত্রী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

যশোরের এপিপি আবু সেলিম রানা বলেন, রীনাকে একইসঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১১ জানুয়ারি  ভাসুরের এক মাস বয়সী ছেলে দুর্জয়কে কোলে নিয়ে ঘরে যান রীনা রানী। পরে ওই শিশুর কান্নাকাটি শুনে পরিবারের সদস্যরা গিয়ে দেখেন তার পরনের জামা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, আর মুখমণ্ডল ঝলসে গেছে।

শিশুটিকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে তাকে এসিড খাওয়ানো হয়েছে বলে জানান চিকিৎসকরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে হংকংয়ে নিয়ে যাওয়া হয় শিশুটিকে  

দেশে ফিরে ২০০৭ সালের ৭ মে বাঘারপাড়া থানায় দুর্জয়ের মা ইতি রাণী তরফদার বাদী হয়ে একটি মামলা করেন। একই বছর ২৩ জুলাই রীনাকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দেয় পুলিশ।